দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো কক্সবাজার সফরে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ঐতিহাসিক পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেখানে আয়োজিত একটি পথসভায়ও অংশ নেবেন।
এরপর দুপুর ১২টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্কটি পরিদর্শন করবেন। দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
জনসভা শেষে সন্ধ্যায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেলের মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন। কর্মসূচি শেষে রাত ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।
এর আগে শনিবার সকাল পৌনে ৯টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। সকাল ৯টায় সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভোর থেকেই বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় অবস্থান নেন। স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর ও আশপাশের এলাকা।
এ সফর উপলক্ষে একদিন আগেই কক্সবাজারে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
দলীয় সূত্র জানিয়েছে, চারদলীয় জোট সরকারের সময় দায়িত্বশীল অবস্থানে থেকে কক্সবাজার সফরের পর দীর্ঘ বিরতি শেষে আবারও এ জেলায় এলেন তারেক রহমান। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর পর্যটন নগরী কক্সবাজারে এটিই তার প্রথম সরকারি সফর।
এমএস/